সিএনএনও সম্প্রচার বন্ধ করছে রাশিয়ায়

স্টার অনলাইন ডেস্ক

রুশ সেনাবাহিনী সম্পর্কে 'ভুয়া খবর' প্রচার করলে যে কারও জেল হতে পারে, রাশিয়ার নতুন এ আইন প্রবর্তনের কারণে দেশটিতে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন কর্তৃপক্ষ গতকাল এ সিদ্ধান্তের কথা জানায় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

আজ শনিবার রয়টার্স জানায়, রুশ কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিম ইউরোপীয় মিত্রদের মতো রাশিয়ার শত্রুরা রুশ জনগণের মধ্যে বিভেদ স্থাপনের চেষ্টায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা'র এক বিবৃতিতে জানানো হয়েছে, আইনটি কার্যকর হলে যারা ইচ্ছাকৃতভাবে রুশ সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াবে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হবে।

এ ছাড়া, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে যে কেউ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেও তাদের বিরুদ্ধে জরিমানা আরোপের ব্যবস্থা রেখেছে তারা।

সিএনএনের এক মুখপাত্র বলেন, 'পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে আমরা রাশিয়ায় সিএনএনের সম্প্রচার বন্ধ করে দেব।'

নতুন আইনের কারণে গতকাল রাশিয়ায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সব সাংবাদিকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই কারণ দেখিয়ে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমও রাশিয়া থেকে রিপোর্টিং স্থগিত করেছে।

রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসনকে 'বিশেষ অভিযান' বলে অভিহিত করেছে।