হাদিসুরের মরদেহ ইস্তান্বুলে, ঢাকায় পৌঁছাবে আগামীকাল দুপুরে

স্টার অনলাইন রিপোর্ট

ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আগামীকাল সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা।

আজ রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, 'রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী আমাকে জানিয়েছেন, তীব্র তুষারপাতের কারণে হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি গতকাল রোমানিয়া ছাড়তে পারেনি।'

তিনি আরও বলেন, 'হাসিদুরের মরদেহবাহী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ১২টা ১৫ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।'

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী আজ দুপুর ১টায় দ্য ডেইলি স্টারকে ক্ষুদেবার্তায় জানান, 'মরদেহ রোমানিয়া থেকে তুরস্কের ইস্তান্বুলে পৌঁছেছে। টিকে-০৭২২ ফ্লাইটে মরদেহ আগামীকাল দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছাবে।'

গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর। ওই জাহাজের অপর ২৮ জন ক্রু গত ৯ মার্চ দুপুরে ঢাকায় পৌঁছান।