১৪ মার্চ থেকে নরওয়েতে ন্যাটোর মহড়া
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৭তম দিনে ন্যাটো ঘোষণা করেছে যে, তারা আগামী ১৪ মার্চ নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠাবে।
আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, কোল্ড রেসপন্স ২০২২ শিরোনামের এই মহড়ায় ২৭টি দেশের ৩০ হাজার সেনা, ২০০টি বিমান এবং ৫০টি জাহাজ অংশ নেবে। এটিকে চলতি বছরে ন্যাটো সেনাদের সবচেয়ে বড় মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ার মাধ্যমে পশ্চিমা দেশগুলো আর্কটিকসহ নরওয়ের ঠাণ্ডা জলবায়ু, মাটি, সমুদ্র ও আকাশে তাদের দক্ষতা ঝালাই করে নিতে সক্ষম হবে বলে জানানো হয়েছে।
রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে এই মহড়া অনুষ্ঠিত হবে। যদিও ইউক্রেনে মস্কোর আগ্রাসনের অনেক আগেই এই মহড়ার পরিকল্পনা হয়েছিল, এখন যুদ্ধের কারণে এর তাৎপর্য অনেকটাই বেড়ে গেছে।
নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী অড রজার এনোকসেন বলেছেন, 'এই মহড়া নরওয়ে ও তার মিত্রদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর মাধ্যমে নরওয়ের মিত্রদের শক্তিবৃদ্ধির অনুশীলন করব।'
মহড়াটি আগামী ১ এপ্রিল শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।