৩ সপ্তাহ ধরে রাশিয়ার পুঁজিবাজার বন্ধ
ইউক্রেনে আগ্রাসনে পর টানা ৩ সপ্তাহ ধরে বন্ধ আছে রাশিয়ার প্রধান পুঁজিবাজার। এটি আগামী ১৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পরদিন থেকে রাশিয়ার প্রধান পুঁজিবাজার মস্কো এক্সচেঞ্জ বন্ধ আছে।
গতকাল মস্কো এক্সচেঞ্জ জানিয়েছে, আগামী ১৮ মার্চ পর্যন্ত দেশটির প্রধান পুঁজিবাজার বন্ধ থাকবে।
ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার আর্থিক লেনদেন ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের ক্রমাগত নিষেধাজ্ঞা দেওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি রুবলের দাম কমে যায় এবং মস্কো পুঁজিবাজারে ধস নামে। শেয়ারের আরও দরপতন ঠেকাতে সেদিন থেকে মস্কো পুঁজিবাজার বন্ধ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন বন্ধ থাকায় রুশ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কা আছে। কেননা, রাশিয়ায় পুঁজিবাজার বন্ধ থাকায় লন্ডন ও নিউইয়র্ক পুঁজিবাজারে রুশ প্রতিষ্ঠানগুলোর দরপতন অব্যাহত রয়েছে।
মস্কো এক্সচেঞ্জ গণমাধ্যমকে জানিয়েছে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যাংকের ডেপুটি প্রেসিডেন্ট ভাদিম কুলিক মস্কো এক্সচেঞ্জ সুপারভাইসরি বোর্ড থেকে পদত্যাগ করেছেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্র ভাদিমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে আগামী ১৮ মার্চ পর্যন্ত মস্কো এক্সচেঞ্জ বন্ধ রাখা হবে।
একই সময় আন্তর্জাতিক মুদ্রাবাজারও বন্ধ থাকবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের বার্তায় আরও বলা হয়, লেনদেন শুরু বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।