ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি মিথ্যা: হোয়াইট হাউস
ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সৈন্য সরিয়ে নেওয়ার যে দাবি করছে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তা 'মিথ্যা' বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন সীমান্তে সাম্প্রতিক সময়ে আরও ৭ হাজার সৈন্য আনা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, রাশিয়া 'মিথ্যা' অজুহাতে 'যেকোনো মুহূর্তে' ইউক্রেন আক্রমণ করতে পারে।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মস্কো বলছে, সামরিক মহড়া শেষ হওয়ার পর তারা ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে।
কিন্তু পশ্চিমা কর্মকর্তারা বলছেন, তারা মস্কোর দাবির পক্ষে কোনো প্রমাণ দেখেননি।
জার্মান চ্যান্সেলরের অফিসের তথ্য মতে, গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এক ফোনালাপে সম্মত হয়েছেন যে, 'রাশিয়াকে অবশ্যই সংকট নিরসনে বাস্তব উদ্যোগ নিতে হবে।'
রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে ১ লাখ সেনা পাঠানোর পরও বারবার আক্রমণ করার পরিকল্পনা অস্বীকার করেছে এবং পশ্চিমাদের বিরুদ্ধে 'হিস্টিরিয়া'র অভিযোগ এনেছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাাশিত ভিডিওতে দেখা যায় ট্যাঙ্কগুলো ক্রিমিয়া ছেড়ে চলে যাচ্ছে। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে রাশিয়া নিজ দেশের সঙ্গে যুক্ত করে।
হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, সাম্প্রতিক দিনগুলোয় আরও কয়েক হাজার সৈন্য ইউক্রেন সীমান্তে পৌঁছেছে। গতকালও কিছু সৈন্য আনা হয়েছে।
ওই মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, 'রাশিয়া সেনা প্রত্যাহারের দাবির কারণে এখানে ও সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেয়েছে। কিন্তু, আমরা এখন জানি যে তা মিথ্যা ছিল।'