ওমিক্রন উদ্বেগ: নতুন ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে ইতালি
ছুটির মধ্যে কোভিড-১৯-এর বিস্তার রোধে নতুন ব্যবস্থা গ্রহণের কথা চিন্তা করছে ইতালির সরকার। রোববার দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে করোনভাইরাসের অত্যন্ত সংক্রামক ওমিক্রন ধরনের বিস্তার নিয়ে সরকার উদ্বিগ্ন।
স্থানীয় সংবাদপত্র করিয়ের ডেলা সেরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি টিকার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করতে পারেন। যাতে ডিস্কো ও স্টেডিয়ামসহ জনাকীর্ণ স্থানে প্রবেশের জন্য করোনার নেগেটিভ ফলাফল দেখাতে হয়।
বাইরে মাস্ক পরার পাশাপাশি সিনেমা ও থিয়েটারে প্রবেশের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্টও বাধ্যতামূলক হতে পারে।
বর্তমান নিয়মে, যাদের টিকা দেওয়া হয়েছে বা সম্প্রতি এই রোগ থেকে সেরে উঠেছেন তাদের বার, রেস্তোরাঁ, জাদুঘর, সিনেমা, ক্লাব ও ক্রীড়া ইভেন্টগুলোতে অভ্যন্তরীণ অবাধ যাতায়াতের সুযোগ রয়েছে।
সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টাদের একজন ফ্রাঙ্কো লোকেটেলি স্থানীয় সংবাদপত্রকে বলেছেন, 'কিছু ব্যবস্থা- যেমন বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা... শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।'
ইতালিতে ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা কর্মী, স্কুল কর্মচারী, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের জন্য টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জানুয়ারি থেকে সব কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।