পশ্চিমা নেতাদের ভালো ডাক্তার দেখানোর পরামর্শ জাতিসংঘে রুশ উপদূতের
জাতিসংঘে রাশিয়ার উপদূত দিমিত্রি পোলিয়ানস্কি পশ্চিমা নেতাদের ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন।
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পোলিয়ানস্কি বলেছেন, 'ইউক্রেনের সীমান্তে জমায়েত হওয়া ১ লাখ বা তার কাছাকাছি রুশ সৈন্য দেশটিতে আক্রমণ চালাতে পারে—এ বিষয়ক "আতংক" থেকে মুক্তি পেতে তাদের সবার ডাক্তার দেখানো উচিৎ।'
তিনি আরও বলেন, 'আমি মনে করি তাদের খুব ভালো ডাক্তারের কাছে যাওয়া দরকার। (তাদের প্রতি) এটাই আমার সুপারিশ। এ ধরনের প্যারানয়ার (এক ধরনের মানসিক রোগ) রোগীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে।'
রাশিয়া সাবেক সোভিয়েত রাষ্ট্র ও তাদের প্রতিবেশী ইউক্রেনকে আক্রমণ করতে চাইছে, এমনটা বিশ্বাস করেন না দিমিত্রি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমাদের সেনারা আমাদের ভূখণ্ডেই আছে। তারা কারও প্রতি হুমকি নয়।'
ইউক্রেন ও পার্শ্ববর্তী অঞ্চলে মোতায়েন করা সেনাবাহিনীর আকার নিয়ে প্রশ্ন করা হলে দিমিত্রি জানান, 'আমি সঠিক সংখ্যাটি জানি না, কারণ এ বিষয়ে প্রচুর জল্পনা-কল্পনা রয়েছে।'
উল্লেখ্য, রাশিয়া বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে দাবি করেছে তারা শুধুমাত্র মিত্র বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্যই সৈন্য মোতায়েন করেছে।
'আমার ধারণা বেলারুশের সঙ্গে সামরিক প্রশিক্ষণ এক সপ্তাহের মধ্যেই শেষ হবে। বাকিদের বিষয়ে আমি কিছু জানি না', যোগ করেন দিমিত্রি।
সম্প্রতি রাশিয়া জানিয়েছে, তারা সীমান্ত থেকে আংশিক ভাবে বাহিনী প্রত্যাহার করেছে।
গতকাল মঙ্গলবার জাতিসংঘ এ দাবির স্বপক্ষে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে যে তারা আসলেই উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে।