রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করেছে ন্যাটো

স্টার অনলাইন ডেস্ক

গতকাল বুধবার রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করেছে ন্যাটো সামরিক জোট। গোপনে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ তাদের বহিষ্কার করা হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ন্যাটোর একজন কর্মকর্তা এপিকে বলেন, এটা নিশ্চিত যে- আমরা ন্যাটোতে রাশিয়ান মিশনের ৮ সদস্যের স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছি, যারা অঘোষিত রুশ গোয়েন্দা কর্মকর্তা ছিল।

তবে, নাম প্রকাশ না করার শর্তে এপিকে এ তথ্য জানান ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, রাশিয়ান মিশন থেকে বহিষ্কৃতদের সমর্থন জানাতে পারে এমন পদের সংখ্যা ২০ থেকে কমিয়ে ১০ করা হয়েছে।

তবে, এমন সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং এটি চলতি মাসের শেষে কার্যকর হবে।

এপি জানিয়েছে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পর থেকে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে। রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, ন্যাটোর আকাশসীমায় অনুপ্রবেশ ইত্যাদি বিষয়ে তাদের মতবিরোধ আছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাদের মধ্যে সরকারি আলোচনাও সীমিত হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাটস্কি রুশ কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সতর্ক করেছেন- ন্যাটোর এই উদ্যোগ তাদের সম্পর্কে আরও চাপ সৃষ্টি করবে।