রাশিয়া থেকে আরও এক সাংবাদিক বহিষ্কার
'প্রশাসনিক বিধি লঙ্ঘনের' অভিযোগে নেদারল্যান্ডসের একটি সংবাদপত্রের সাংবাদিককে বহিষ্কার করেছে রাশিয়া। বৃহস্পতিবার ওই সংবাদপত্রটি এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাসের মধ্যে পশ্চিমা গণমাধ্যমের সদস্যদের বিরুদ্ধে নেওয়া দ্বিতীয় পদক্ষেপ এটি।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মস্কো 'ভক্সক্র্যান্টের' সংবাদদাতা টম ভেনিঙ্কের ভিসা প্রত্যাহার এবং তাকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০১৯ সালে কর্তৃপক্ষের কাছে তার বাড়ির ঠিকানা নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছিল ভেনিঙ্ককে এবং ২০২০ সালে স্থানীয় অনুমতি ছাড়া একটি প্রদেশে ভ্রমণের দায়ে জরিমানা করা হয়।
এর আগে গত আগস্ট মাসে রাশিয়া থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বিবিসি সাংবাদিক সারাহ রেইনসফোর্ডকে। যিনি মস্কো থেকে ইংরেজি ভাষার দুজন সম্প্রচারকর্মীর একজন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভেনিঙ্ক ২০১৫ সাল থেকে 'ভক্সক্র্যান্টের' প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তবে, এর আগের বছরগুলোতে তার প্রেস কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। গত সোমবার তিনি শুনেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা প্রত্যাহার করেছে এবং দেশ ছাড়ার জন্য তার তিন দিন সময় হাতে আছে।