রুশ রাষ্ট্রদূতদের তলব অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের, সতর্ক অবস্থানে ভারত
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় আজ বুধবার দেশটির রাষ্ট্রদূতদের তলব করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, 'তার সরকার এখনই রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের উদ্যোগ নিচ্ছে না, তবে তিনি এ বিষয়ে অন্যান্য দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।'
একজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করা সবচেয়ে কঠিন বৈদেশিক কূটনৈতিক ব্যবস্থাগুলোর একটি।
সংকট সমাধানে সতর্ক ভারত
ইউক্রেন-রুশ উত্তেজনা নিয়ে এখন পর্যন্ত সতর্ক অবস্থানে আছে ভারত। দেশটি সরাসরি রাশিয়ার কোনো সমালোচনা করেনি, তবে উদ্ভূত পরিস্থিতি প্রশমনে কূটনৈতিক আলোচনার ব্যাপারে জোর দিয়েছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর চাওয়া ভারত একটি স্পষ্ট অবস্থান গ্রহণ করুক, কিন্তু দিল্লি বিভিন্ন কারণে তা করতে পারছে না।
এর একটি কারণ হতে পারে যে, মস্কো এখনো ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের বৃহত্তম সরবরাহকারী। তাছাড়া, দেশ দুটির মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে।
আগামী দিনে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করলে একটি সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য তীব্র চাপে পড়বে ভারত। তবে একটি পক্ষ বেছে নিতে হলে ভারত সর্বদা তার বিখ্যাত নন-অ্যালাইনমেন্ট কৌশলের পথেই হাঁটবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি দিল্লির পক্ষে এবার নিরপেক্ষ থাকা কঠিন করে তুলতে পারে। পশ্চিমারা চাপ বাড়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শক্ত কূটনৈতিক অবস্থান বজায় রেখে এগুতে হবে বলে জানায় বিবিসি।