অগ্রাধিকারভিত্তিতে করোনার ভ্যাকসিন পাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা
নির্বাচিত জনপ্রতিনিধিরা অগ্রাধিকারভিত্তিতে করোনার ভ্যাকসিন পাবেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়জিত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিরা অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন পাবেন।
এতে আরও বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান— সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনগণকে সেবা দেওয়া হচ্ছে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয়-বিতরণ করে যাচ্ছে।
এ ছাড়া, জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য উদ্ভুতকরণ ও সার্বিক সহায়তা দিচ্ছে। অথচ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত অনেক জনপ্রতিনিধি এখনো করোনার ভ্যাকসিন নেননি। যে কারণে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন।