অধিক সুরক্ষার জন্য টিকার ‘বুস্টার ডোজের’ কথা ভাবছে ফাইজার
ভ্যাকসিনকে আরও শক্তিশালী করতে এবং করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে একটি বুস্টার ডোজ আবিষ্কারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।
সিএনএন জানায়, গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভ্যাকসিনের তৃতীয় ডোজ কতটা কার্যকর হবে সেই বিষয়ে আরও তথ্য প্রকাশের পর আগস্ট মাসে জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য তারা মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে বুস্টার ডোজের জন্য অনুমোদন চাইবে।
এদিকে ফাইজার বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের দুটি শীর্ষ ফেডারেল এজেন্সি, এফডিএ এবং রোগ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, সম্পূর্ণ ডোজ টিকা দেওয়া আমেরিকানদের এই মুহূর্তে বুস্টার ডোজের প্রয়োজন নেই এবং সেটি কখন তাদের প্রয়োজন হতে পারে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে সংস্থাগুলোর হাতে নেই।
ফাইজার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বাস্তব তথ্যে দেখা গেছে, সংক্রমণ এবং লক্ষণজনিত রোগ উভয় প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা ছয় মাসের পর কমেছে, যদিও গুরুতর রোগীদের ক্ষেত্রে এর কার্যকারিতা বেশি। সর্বোচ্চ মাত্রার সুরক্ষা বজায় রাখতে দ্বিতীয় ডোজের ছয় থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় ডোজ উপকারী হতে পারে।
তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি কম থাকে, এমনকি তুলনামূলক বেশি সংক্রামক ডেল্টা বা বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কম ঝুঁকি থাকে।