উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ভারতে উৎপাদন বাড়লে বাংলাদেশকে করোনা ভ্যাকসিন সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আজ শুক্রবার ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় ভারতীয় হাই কমিশনার জানান, ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানতে তিনি ভারতে গিয়েছিলেন।

ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুতগতিতে বাড়ছে জানিয়ে তিনি বলেন, 'আশা করছি উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে, আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোন দিন-তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক।'

'আমরা বাংলাদেশের মতো বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি,' বলেন দোরাইস্বামী।

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, 'কোভিডের সময়ে গত এক বছরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো, যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে কোভিড অতিমারির মধ্যে আমরা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখত পারব।'

বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভাল উল্লেখ করে তিনি বলেন, 'তবে, দুই দেশকে এখনও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব।'

ভারতীয় হাইকমিশনার আখাউড়া দিয়ে বাংলাদেশে ফেরার সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই বিক্রম দোরাইস্বামী এই আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে স্বস্ত্রীক নিজ দেশ ভারতে গিয়েছিলেন।