একদিনে আরও ২০০ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৫৭৯

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও দুইশ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১১ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল সর্বোচ্চ ২৩১ জনের মৃত্য হয়েছিল এবং সর্বোচ্চ ১৩ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। তারও আগে, গত ১২ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

এ পর্যন্ত দেশে ১৮ হাজার ৩২৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০০ জনের মধ্যে ১১১ জন পুরুষ ও ৮৯ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে আট জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৪ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন ও বাসায় মারা গেছেন ছয় জন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন নয় হাজার ৯৯৭ জন। মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৫১ হাজার ৩৪০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬২ শতাংশ।