কক্সবাজারে করোনায় এ পর্যন্ত ২৮ রোহিঙ্গাসহ ২০২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দুইশ ছাড়িয়েছে। গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মারা গেছেন ২০২ জন। তাদের মধ্যে রোহিঙ্গা ২৮ জন।

আজ মঙ্গলবার কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলায় গত ১৫ মাসে কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট এক লাখ ৭৩ হাজার ৫২৫টি। তার মধ্যে করোনা পজেটিভ ১৮ হাজার ৫৩৫ জনের। র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে সাত হাজার ১৬৯ জনের। তার মধ্যে পজেটিভ এক হাজার ৮৯৯ জনের।

এর মধ্যে মোট দুই হাজার ৫৭১ জন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন মারা গেছেন।

জেলার আট উপজেলার মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কক্সবাজার সদর উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত মোট ৯৩ জন মারা গেছেন। উখিয়া উপজেলায় মারা গেছে ২৫ জন রোহিঙ্গাসহ মোট ৪২ জন। টেকনাফে তিন জন রোহিঙ্গাসহ মারা গেছেন ১৯ জন। এ ছাড়া, চকরিয়া উপজেলায় ২১ জন, রামু উপজেলায় ১৩ জন, পেকুয়া উপজেলায় ছয় জন, মহেশখালী উপজেলায় পাঁচ জন ও কুতুবদিয়া উপজেলায় তিন জন মারা গেছে।

জেলা সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, কক্সবাজার জেলার উপকূলীয় জনপদ কুতুবদিয়া, পেকুয়া ও মহেশখালীতে করোনায় মৃত্যুর সংখ্যা কম। এলাকাগুলো তুলনামূলক বেশি ঘনবসতিপূর্ণ এলাকা নয়, বরং অনেকটা দুর্গম এলাকা।

এছাড়া, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গত সপ্তাহ থেকে সংক্রমণের হার কমে এসেছে বলেও জানান তিনি।