কমছে না সংখ্যা, রামেক করোনা ইউনিটে আজ মারা গেলেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেকে গত ২৪ ঘণ্টায় মোট ৬৫৪টি নমুনা পরীক্ষা করে ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক তিন শতাংশ।

শামীম ইয়াজদানী বলেন, ‘মারা যাওয়া ১৮ জনের মধ্যে আট জনের বাড়ি রাজশাহীতে, একজনের চাঁপাইনবাবগঞ্জে, তিন জনের নাটোরে, চার জনের নওগাঁয়, একজনের পাবনায় ও একজনের কুষ্টিয়ায়। তাদের মধ্যে পাঁচ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। ১২ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ ছিলেন। করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে ও একজন নাটোরের বাসিন্দা।’

পরীক্ষা বিবেচনায় রাজশাহী জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক শুন্য নয় শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২১ দশমিক শুন্য পাঁচ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। এর আগে ৪০৫টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৮৫ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪৯৫ জন।