করোনার নমুনা দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আরও একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় গতকাল একজন মারা যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আজ আরও একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
৭১ বছর বয়সী হুসনে হুর বেগম সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বয়স্ক ওই নারী অসুস্থ থাকায় চার-পাঁচ দিন আগে ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন কনসালট্যান্টের কাছে যান। তার করোনা উপসর্গ থাকায় ওই চিকিৎসক তাকে করোনা পরীক্ষা করতে পরামর্শ দেন। তখন তিনি করোনা পরীক্ষা করাননি।'
তিনি আরও বলেন, 'আজ বৃহস্পতিবার তিনি নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে পরীক্ষার জন্য নিবন্ধন শেষে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। অপেক্ষারত অবস্থায় তিনি হঠাৎ মাটিতে পরে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসে দেখেন তিনি মারা গেছেন।'
ডা. নোমান আরও জানান, নমুনা সংগ্রহ করতে না পারায় এই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা বলা যাচ্ছে না। তবে তার শরীরে করোনার উপসর্গ ছিল।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্নারের সামনে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইকবাল হোসেন (৪৩) নামে একজন মসজিদের একজন ইমাম মারা যান। তিন সন্তানের জনক ইকবালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামে।