করোনায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিমের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হালিম মারা গেছেন।

আজ শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল হালিম, তার স্ত্রী নারগিস আক্তার এবং তাদের দুই গৃহকর্মী গত ৩ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন প্রাপ্ত ফলাফলে সবাই করোনা আক্রান্ত বলে জানা যায়। এরপর অবস্থার অবনতি হলে আব্দুল হালিমকে গত ১১ জুলাই ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।'

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল হালিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেন্দ্র থেকে এ বছরের ২০ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার প্রথম ডোজ এবং ২০ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন।'

আব্দুল হালিম টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বিকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে নিজ গ্রাম সাবলকুঁড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।