করোনায় মধুখালী পৌরসভার কাউন্সিলরের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরের মধুখালী পৌরসভার কাউন্সিলর মো. জাহিদুর রহমান ওরফে জিন্না (৫৭) মারা গেছেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মধুখালী পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা মো. জাহিদুর রহমান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, জাহিদুর গত ৩ জুন জ্বর ও কাশিতে আক্রান্ত হন। ৫ জুন তিনি মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ৬ জুন তার করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, জাহিদুরকে গত ১১ জুন ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২০ জুন তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ১৩ দিন চিকিৎসার পর শনিবার দুপুরে তিনি মারা যান।

ফরিদপুরের মধুখালীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় উপজেলায় আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এ উপজেলায় ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।