করোনায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান কর্মীর মৃত্যু, আক্রান্ত অনেকে
পাবনায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার প্রকল্পের সাইট অফিস কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ইভান কারপভান (৩৮) রাশিয়ান প্রতিষ্ঠান নিকমিথ এটমসট্রয় এর একজন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানান তিনি।
রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য ইভানকে গত ১৯ জুন ঢাকায় নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।’
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত জুন মাসে প্রকল্পে কর্মরত ২৩১ জন রাশিয়ান কর্মীর করোনা শনাক্ত হয়। এর মধ্যে ঢাকা ও রাজশাহীর চারটি হাসপাতালে ১৪৪ জনকে ভর্তি করা হয়।’
আক্রান্তদের মধ্যে অনেকেই এখনও করোনা টিকা নেননি বলে জানা গেছে।
ডা. ফখরুল জানান, প্রকল্পে প্রায় সাড়ে তিন হাজার রাশিয়ান কর্মী কাজ করছেন। তাদের জন্য রাশিয়া থেকে আসা স্পুতনিক-ভি টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই দফায় এক হাজার ৩০০ জনকে এ টিকা দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবং সম্প্রতি প্রকল্পের বেশ কিছু কর্মী করোনা আক্রান্ত হওয়ায় রাশিয়ার পারমানবিক সংস্থা রসাটমের ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।’