করোনায় শ্রীপুর কলেজের অধ্যাপক আজহারুল ইসলামের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এ টি এম আজহারুল ইসলাম সাখাওয়াত (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ দ্য ডেইলি স্টারকে জানান, অধ্যাপক আজহারুল ইসলামের করোনা শনাক্ত হলে, তাকে ঢাকার মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

এদিকে, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৬ শতাংশ।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, নতুন করে গাজীপুর সদর উপজেলায় ৩০ জন, শ্রীপুরে ১০ জন, কালিয়াকৈরে পাঁচ জন ও কালীগঞ্জে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।