করোনায় সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আলী আশরাফের (৭৩) মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল পাঁচটায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সাতক্ষীরার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রেষণে সাতক্ষীরা পৌরসভায় চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

সাতক্ষীরা বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক সপ্তাহে আগে ডা. আলী আশরাফের করোনা শনাক্ত হয়। পরে তাকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিন দিন পরে তিনি বাড়ি ফেরেন।

আবার অসুস্থ হয়ে পড়লে রোববার তাকে ওই বেসরকারি হাসপাতালে আবার ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পাঁচটা সাত মিনিটে তিনি মারা যান বলে জানান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস মণ্ডল।

তিনি জানান, করোনা ছাড়াও ডা. আলী আশরাফ হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও ডায়াবেটিসসহ জটিল রোগে ভুগছিলেন।