করোনা পরীক্ষার নমুনা দিতে এসে নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য নমুনা দিতে এসে মৃত্যৃর কোলে ঢলে পড়েছেন এক নারী।

আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কামরুন্নাহার (৪০) নামে ওই নারী পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারে স্ত্রী।

কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার স্ত্রী কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এ কারণে তার করোনা পরীক্ষা করার জন্য কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্তু সেখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।'

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ বলেন, 'কামরুন্নাহার জ্বর-সর্দি-কাশি নিয়ে অনেকদিন ধরে বাড়িতে থাকার কারণে তার অবস্থা সংকটাপন্ন উঠে। এ অবস্থায় তিনি করোনা নমুনা দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ পরিবারের লোকজন হাসপাতাল থেকে দ্রুত নিয়ে যান।'