কুলাউড়ায় ১৯ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৪ হার ৭৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা কুলাউড়ায় গত ২৪ ঘণ্টায় ১৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭৩ শতাংশ।

আজ বুধবার মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, কুলাউড়ায় সবচেয়ে বেশি সংখ্যক করোনায় রোগী শানাক্ত হয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাতটি উপজেলার মধ্যে কুলাউড়া উপজেলায় সর্বোচ্চ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন হাসপাতালে ভর্তি আছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। সেখানে আট জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।’

তিনি জানান, গতকাল মঙ্গলবার কুলাউড়ায় নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা উপজেলায় গতদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ওই দিন ৫২ জনের নমুনা পরীক্ষা করা হলে নমুনা শনাক্তের হার ছিল ৫০ শতাংশ। তাদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ১৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে, কুলাউড়া উপজেলায় এ পর্যন্ত মোট ৪৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৩৪৮ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার থেকে ১১১ জনের নমুনা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৩৪ জনের করোনা পিজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩০ দশমিক ছয় শতাংশ।

এর আগে গত মঙ্গলবার এই হার ৪০ দশমিক ছয় শতাংশ ছিল, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কমেছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২৭ জন সুস্থ হলেও আরও দুজন মারা গেছেন।

জেলায় নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চার জন, রাজনগরে তিন জন, কমলগঞ্জে চার জন, বড়লেখায় একজন, কুলাউড়ায় ১৪ জন ও শ্রীমঙ্গলের আট জন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট তিন হাজার ৮৫০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর হাসপাতালের আরও দুই জনের মৃত্যু নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজনগরে চার জন, কুলাউড়ায় দুই জন, বড়লেখায় দুই জন, কমলগঞ্জে দুই জন, শ্রীমঙ্গলে ছয় জন, জুড়ীতে তিন জন এবং সদর হাসপাতালে ২৩ জনের মৃত্যু হয়েছে।