কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু ২২, শনাক্তের হার ২৯.৮৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
একই সময়ে ৫৮৯টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও ১০ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৪ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।’
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল।
তারা করোনার সকল উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন তাপস কুমার সরকার। তবে তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়নি।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬৮ জন। গতকাল ছিলেন ২৭৯।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩৭১ জন। গতকাল ছিলেন তিন হাজার ১০৩ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলায় মোট আক্রান্ত আছেন তিন হাজার ৩১৩ জন। তার আগের দিন ছিলেন তিন হাজার ২২১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬০ জন এবং মারা গেছেন ৩১০ জন।