কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ২৮.৫৪ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন।
জেলায় ২৪ ঘণ্টায় মোট ৫২২টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২৪৭ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা বুধবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন বলেন, 'বর্তমানে হাসপাতালে ১৫১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ২২১ জন।'
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫১ জন এবং মারা গেছেন ৫৩১ জন।
চলমান লকডাউনের সপ্তম দিন আজ। কুষ্টিয়া শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলার কাঁচাবাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
গতকাল দিনভর অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ১৪৩ জনের কাছ থেকে ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।