কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ৩৫.৩৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২২১টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৪৩২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া ১০ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জন গত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগের ২৪ ঘন্টায় মারা যান ১৭। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৯ শতাংশ। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন। 

আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন ২৬২ জন। এই সময়ে জেলায় হোম আইসোলেশনে ছিলেন দুই হাজার ৭৪৮ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত নয় হাজার ১১৮ জন আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২৬২ জন।