কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২২, শনাক্ত ২৭.৭৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন ২৭৯ জন। গতকাল ছিলেন ২৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা পরীক্ষায় ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন তিনি হাজার ৩৪ জন। গতকাল ছিলেন দুই হাজার ৯৫৬ জন। আগের দিন ছিলেন দুই হাজার ৮৭৫ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৩১৩ জন। তার আগের দিন ছিলেন তিন হাজার ২২১ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ২৯৬ জন।