কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ৩০.৯১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন।

একই সময়ে জেলায় ৮৪১টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।

এই সময়ের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন ২০০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জন এবং উপসর্গ নিয়ে পাঁচ জন মারা যান। এই সময়ে ২০৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২২৬ জন এবং হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪২৮ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৯ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৪৮০ জন।