কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ২৮.০৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন।
এই সময়ে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক শূন্য তিন শতাংশ।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২৪৩ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, 'করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা গতকাল দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।'
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৪১ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮৫৯ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ৫৪৮ জন।
চলতি লকডাউনের নবম দিনে শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে।