কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১.৬৯ শতাংশ, মৃত্যু ৫
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬৯ শতাংশ।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মারা যাওয়া পাঁচ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫টি নমুনা ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে ৫৮৯টি।’
এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৪৮ শতাংশ।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৬৫ জন। আগের দিন ছিলেন ২৬১ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন দুই হাজার ২২৮ জন। গতকাল ছিলেন দুই হাজার ১০৭ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৪৭৫ জন এবং মারা গেছেন ২৩০ জন।