কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০.০৫ শতাংশ, মৃত্যু আরও ৭
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪২টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৬৬টি নমুনা এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ২৫১টি নমুনার।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন নয় জন এবং শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৫ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায়ও জেলায় করোনায় চার জনের মৃত্যু হয় এবং শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ০৮ শতাংশ।
জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মোমেন ডেইলি স্টারকে বলেন, ‘আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২০৪ জন। আগের দিনও একই সংখ্যক রোগী ভর্তি ছিলেন। তার আগের দিন এই সংখ্যা ছিল ১৬৪ জন।’
তিনি জানিয়েছেন, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ১৪৯ জন। গতকাল এই সংখ্যা ছিল দুই হাজার ১০০ জন। আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৮৩৯ জন।
আজ সকাল পর্যন্ত কুষ্টিয়ায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ২১৮ জন।