কুষ্টিয়া জেনারেল হাসপাতাল: ৩৪ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ১২টি অকেজো
করোনা ডেডিকেটেড ২৫০-শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৩৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ১২টি অকেজো হয়ে গেছে। এর মধ্যে সরকারি অনুদানের ৩টি, বাকি ৯টি বেসরকারি অনুদানে পাওয়া। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের অর্থ না থাকায় মেরামতের উদ্যোগ নেয়া যাচ্ছে না। অপেক্ষা করা হচ্ছে ব্যক্তি সহায়তার জন্য।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. আব্দুল মোমেন জানান, গত কয়েক সপ্তাহের অতিরিক্ত চাহিদার কারণে ব্যবহার করতে গিয়ে এগুলোতে সমস্যা দেখা দেয়। তবে তাদের কাছে আরও ৬টি ইনটেক হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে। রোগীর চাপ বাড়লে সেগুলো কাজে লাগানো হবে।
তিনি জানান, হাসপাতালে সরকারিভাবে অনুদান দেওয়া ১৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা আর বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দেওয়া আরও ২০টি ক্যানুলা আছে। এর মধ্যে ২৮টি ব্যবহার করা হচ্ছিল। বাকিগুলো স্টকে রাখা আছে।
ডা. আব্দুল মোমেন জানান, সরকারি তিনটি মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ নিশ্চিত হলেই সেগুলো মেরামত করা হবে। অন্যদিকে বাকি ৯টি যেসব ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান এসেছিল সেখানে ছাড়াও আরও কয়েক জায়গায় যোগাযোগ করা হচ্ছে মেরামতের জন্য।
এগুলোর মেরামতে ৫-৬ লাখ টাকার প্রয়োজন বলে তিনি জানান।
'ইতোমধ্যে কয়েকজন সাড়া দিয়েছেন। আশা করছি শিগগির এগুলো মেরামত হয়ে যাবে, বলেন ডা. মোমেন।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ২১২ জন করোনা ও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ১৫৯ জন করোনা রোগী এবং ৫৩ জনের করোনা উপসর্গ আছে।