খাগড়াছড়ি হাসপাতালের করোনা ইউনিটে ৭ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

খাগড়াছড়ি সদর হাসপাতালের করোনা ইউনিটে গতকাল শুক্রবার সাত ঘণ্টায় চার জন মারা গেছেন। তাদের মধ্যে তিন জন নারী।

আজ শনিবার খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপন বাপ্পি দ্য ডেইলি স্টারকে এ খবর জানান।

তিনি জানান, গতকাল মারা যাওয়া চার জনের মধ্যে একজন করোনা রোগী ছিলেন ও বাকীদের করোনা উপসর্গ ছিল।

ডা. বাপ্পি বলেন, ‘শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাত ঘণ্টার ওই চার জন হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।’

এ হাসপাতালে এ পর্যন্ত আট জন করোনা রোগী মারা গেছেন ৪০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান তিনি।

এদিকে, খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি মাসে জেলায় ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৬ দশমিক ২১ শতাংশ।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের কোভিড ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, জেলায় এ পর্যন্ত ২০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৮ জুলাই সংক্রমণের হার ২৯ দশমিক ৫৫ শতাংশ।

বান্দরবানের সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং শুক্রবার জেলায় সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ৫৯ শতাংশ।