খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে মৃত্যু ১০

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালের মধ্যে তিনটিতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। বাকি তিন জনের করোনা উপসর্গ ছিল।

১৩০ শয্যার এই করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে রেড জোনে ১১৫ জন, ইয়েলো জোনে ৩৩ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।