খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ১২ উপসর্গ নিয়ে মৃত্যু ৫
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং বাকী পাঁচ জনের করোনার উপসর্গ ছিল।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিল। বাকি পাঁচ জনের করোনা উপসর্গ ছিল।
এ ছাড়া ১৩০ শয্যার এই করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৯৯ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ১২৫ জন, ইয়েলো জোনে ৩৪ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১২৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে নয় জন এবং এইচডিইউতে নয় জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় এক রোগীর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।