খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু
খুলনার করোনা ডেডিকেটেড তিন হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আট জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন ও খুলনা জেনারেল হাসপাতালে চার জন মারা গেছেন।
আজ রোববার সকালে খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিল। বাকি দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘১৩০ শয্যার বিপরীতে আজ সকাল ৮টা পর্যন্ত ১৯৩ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ১২১ জন, ইয়ালো জোনে ৩৬ জন, এইচডিইউতে ১৭ জন ও আইসিইউতে ১৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।’
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আট জন ও এইচডিইউতে ১১ জন চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন দুই জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন।