খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্তের হার ৬০.০৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঁচ জন, খুলনা জেনারেল হাসপাতালে চার জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, আজ সকাল পর্যন্ত ১৩০ শয্যার বিপরীতে হাসপাতালে ২০১ জন রোগী ভর্তি ছিলেন। রেড জোনে ১৩৫ জন, ইয়ালো জোনে ২৫৬ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আট জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১১৪ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এই সময়ে ছয় জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় জন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের আরটি-পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ০৭ শতাংশ এর মধ্যে খুলনার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া বাগেরহাটের ৩৬ জন, যশোরের পাঁচ জন, নড়াইলের একজনের করোনা শনাক্ত হয়েছে।