খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.৯৮ শতাংশ, মৃত্যু ৪
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে একটিতে চার জনের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা পজিটিভ ছিলেন।'
২০০ শয্যার এ করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৩৩ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়েলো জোনে ৪৯ জন, এইচডিইউতে ১৪ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে কোনো মৃত্যু হয়নি। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে চার জন ভর্তি হয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে কোনো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে দুই জন নতুন রোগী ভর্তি হয়েছেন। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যার করোনা ইউনিটে ৭০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে তিন জন এবং এইচডিইউতে ছয় জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো ও মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৬১ ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে নয় জন এবং এইচডিইউতে তিন জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে নয় জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন।