খুলনার ৪ হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার চারটি করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১২ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চার জন, খুলনা জেনারেল হাসপাতালে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চার জন মারা গেছেন।