খুলনায় করোনায় এক দিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় এক দিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি চার জনের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ সকাল ৮টা পর্যন্ত ১৮৫ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রেড জোনে ১২৬ জন, ইয়ালো জোনে ৩১ জন, এইচডিইউতে ১৯ জন এবং আইসিইউতে ১৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১২৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে আট জন এবং এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৬ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৩ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন।