খুলনা বিভাগের ১০ জেলায় এক দিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি বিভাগের সর্বোচ্চ মৃত্যুর রের্কড। এর আগে গত বৃহস্পতিবার ১০ জেলায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

আজ রোববার খুলনার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৩০৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৬৪ জন।’

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনায় মারা গেছে ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাত জন; ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুই জন করে ছয় জন এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে তিন জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের বিভিন্ন জেলার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভ রোগী যারা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিয়েছেন, মৃত্যুর তালিকায় শুধু তাদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও উপসর্গ নিয়ে অনেকে মারা গেছেন। তারা নমুনা পরীক্ষার বাইরে রয়েছেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের পরীক্ষা সম্পন্ন হয়নি। করোনার সব উপসর্গ থাকায় তাদের করোনা ইউনিটে ভর্তি নেওয়া হয়েছিল এবং চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাদের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে তারা আক্রান্ত ছিলেন কি না।’