খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৩১ জনের মৃত্যু হয় ও করোনা শনাক্ত হয় ৯৪৬ জনের।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া, যশোরে সাত জন, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় ছয় জন করে, মাগুরা ও মেহেরপুরে তিন জন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

বিভাগে করোনায় মৃত্যুতে শীর্ষে আছে খুলনা জেলা। এ জেলায় এ পর্যন্ত করোনায় ৬৫৩ জনের মৃত্যু হয়েছে। এরপর কুষ্টিয়ায় মারা গেছে ৫৮৯ জন, বাগেরহাটে ১২৭ জন, সাতক্ষীরায় ৮৫ জন, যশোরে ৩৬৮ জন, নড়াইলে ৯৪ জন, মাগুরায় ৭৩ জন, ঝিনাইদহে ২১৪ জন, ও মেহেরপুরে ১৪৬ জন মারা গেছেন।

আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৯৬ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৫২০ জন।

বিভাগের বিভিন্ন জেলার মধ্যে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা জেলায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে, বাগেরহাটে শনাক্ত হয়েছে ৪৭ জনের, সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন, যশোরে ১৫০ জন, নড়াইলে ৩৯ জন, মাগুরায় ৫৯ জন, ঝিনাইদহে ৭৭ জন, চুয়াডাঙ্গায় ৪০ জন ও মেহেরপুরে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনাতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৬৯ জনের। সাতক্ষীরায় এ পর্যন্ত পাঁচ হাজার ৮৬১ জন, বাগেরহাটে ছয় হাজার ২৪২ জন, যশোরে ১৯ হাজার ২৯৭ জন, নড়াইলে চার হাজার ৩০৫ জন, মাগুরায় তিন হাজার ৩১০ জনের, ঝিনাইদহে আট হাজার ৮ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ২৭১ জন, চুয়াডাঙ্গায় ছয় হাজার ১৬৯ জন, মেহেরপুরে চার হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।