খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর সংখ্যা ছিল ৪৬ জন এবং এক হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে যশোরে ছয় জন, কুষ্টিয়ায় পাঁচ জন, ঝিনাইদহে চার জন, মাগুরায় তিন জন, চুয়াডাঙ্গায় দুই জন এবং বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ২৯৪।

বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৫২৬ জনের। এ ছাড়া যশোরে ৩৩০ জন, ঝিনাইদহে ১৮৯ জন, চুয়াডাঙ্গায় ১৫৬ জন, মেহেরপুরে ১৩২ জন, বাগেরহাটে ১২০ জন, নড়াইলে ৮৯ জন, সাতক্ষীরায় ৮৪ জন ও মাগুরায় ৬৫ জন মারা গেছেন।

খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট ৯০ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।