খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৮
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৭৮ জনের।
আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে, বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৭১ জন। সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩২৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক রাশেদা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, করোনা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সংক্রমণ করায় শনাক্ত ও মৃত্যু কখনও বেড়ে যায়, কখনও কমে যায়। মানুষের সমাগম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কমিয়ে রাখতে পারলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।