খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যুর রেকর্ড
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এ ছাড়া, কুষ্টিয়ার ১৪ জন, ঝিনাইদহের ১০ জন, যশোরে নয় জন, চুয়াডাঙ্গার ছয় জন, মেহেরপুরের পাঁচ জন, বাগেরহাটের দুই জন, নড়াইলের ও মাগুরার একজন করে মারা গেছেন।’
অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগতত্ত্ব) ফেরদৌসী আক্তার জানান, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন এক হাজার ৩০১ জন।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত মোট ৬৯ হাজার ১৮৭ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন।
ডা. রাশেদা সুলতানা আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। যে কারণে খুলনা নগরীর মধ্যে বড় বেসরকারি হাসপাতাল রিকুইজিশনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী রোববার থেকেই নতুন হাসপাতালগুলো চালু হবে।