খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ৩৭৯
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৭৯ জন।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য পাওয়া যায়।
বিভাগের ১০ জেলায় মারা যাওয়া ১০ জনের মধ্যে সাত জনই কুষ্টিয়ার। এ ছাড়া নড়াইলে দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তও হয়েছে কুষ্টিয়ায়। বিভাগে মোট শনাক্ত ৩৭৯ জনের মধ্যে ১০২ জনই কুষ্টিয়ার। এ ছাড়াও খুলনায় ৭৬ জন, বাগেরহাটে ছয় জন, যশোরে ৭৬ জন, সাতক্ষীরায় ২৫ জন, চুয়াডাঙ্গায় আট জন, মেহেরপুরে ১৩ জন, নড়াইলে ১৬ জন, মাগুরায় ২১ জন ও ঝিনাইদহে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আজ সকাল পর্যন্ত এই বিভাগে মোট শনাক্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৯৪৪ জন করোনা রোগী। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৯২৯ জন।
আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৯৩২ জন।