খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৩৭৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৭৩ জন।

আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪০ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় ৮৮০ জনের।

আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়।

অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টা সময়ে বিভাগের মধ্যে সর্বোচ্চ সাত জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়াতে। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে তিন জন করে, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে এবং বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

বিভাগের ১০ জেলার সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, পুরো জুলাই মাস জুড়ে এ বিভাগে যে পরিমাণ আক্রান্ত মানুষ মারা গেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পুরো সময় জুড়ে মৃত্যুর প্রায় সমান। এখন পর্যন্ত বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন দুই হাজার ৩৮৮ জন। এরমধ্যে সদ্য শেষ হওয়া জুলাই মাসেই করোনায় মৃত্যুর সংখ্যা এক হাজার ৩১৮, যা মোট মৃত্যুর অর্ধেকের বেশি। গত মাসে করোনায় গড়ে প্রতিদিন ৪৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য থেকে জানা যায়, জুন মাসের ৩০ দিনে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যান ৪২৫ জন। এ সময়ে করোনা শনাক্ত হয় ২১ হাজার ৯৮৪ জনের।

জুলাই মাসের ৩১ দিনে করোনায় মারা গেছেন এক হাজার ৩১৮ জন। মোট মৃত্যুর ৫৫ শতাংশের বেশি মারা গেছেন জুলাইয়ে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়।

আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।