খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১ শনাক্ত ২৩.৩১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৯৪৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩১ শতাংশ।

আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ আট জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাত জন করে, ঝিনাইদহে চার জন, মেহেরপুরে তিন জন এবং মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৬ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ১ হাজার ৩৭৩ জনের।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ১৩১ জন।

এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।