করোনাভাইরাস

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯.৭৪ শতাংশ, মৃত্যু ১

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩৯ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৩৬৭টি নমুনা পরীক্ষায় ১৪৬ জনের করোনা  শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৭৪। এ নিয়ে গোপালগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা হলো পাঁচ হাজার ৯৩০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৪৯ জন এবং সন্দেহজনক ২৮। গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজনের করোনা ছিল এবং অন্যজনের উপসর্গ ছিল।